Don't Miss
Home / আজকের সংবাদ / শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী আজ

শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী আজ

এমএনএ রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কামাল।

শৈশব থেকেই ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় প্রচন্ড উৎসাহ ছিল শেখ কামালের। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। আর অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে জড়িত ছিলেন।

স্বাধীনতা উত্তর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথমসারির সংগঠক ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামাল। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

মৃত্যুর মাসখানেক আগে ১৯৭৫ সালের ১৪ জুলাই দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। মেহেদির রং মুছতে না মুছতেই হৃদয়বিদারক ঘটনার শিকার হন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে পরিবারের সঙ্গে খুন হন শেখ কামাল। মৃত্যুবরণের সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এম এ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। তার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

আজ শনিবার ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে প্রয়াত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল ৯টায় বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। শিল্পকলা একাডেমিতে রয়েছে আলোচনা সভা। বিকেলে আবাহনী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ সভা। এ ছাড়াও কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।  এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আবাহনী সমর্থক গোষ্ঠী নানা কর্মসূচি পালন করবে।

দিবসটি উপলক্ষে আবাহনী ক্লাব লিমিটেড ধানমণ্ডির ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে সারাদিন বহুমাত্রিক অনুষ্ঠান করবে। গতকাল রাত ১২টা ১ মিনেটে ক্লাব ভবন প্রাঙ্গণে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বিকেল ৪টায় আলোচনা ও স্মৃতিচারণ এবং বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...