Don't Miss
Home / অর্থনীতি / শেয়ারবাজারে কারসাজি, মানিলন্ডারিং: সাকিব, মা শিরিনের বিরুদ্ধে প্রতিবেদনের সময় ২০ মে

শেয়ারবাজারে কারসাজি, মানিলন্ডারিং: সাকিব, মা শিরিনের বিরুদ্ধে প্রতিবেদনের সময় ২০ মে

আদালত প্রতিবেদক

শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে পর্যন্ত সময় নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ নতুন এই তারিখ নির্ধারণ করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৭ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের (হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ সিরিজ লেনদেন, প্রতারণামূলক ট্রেডিং ও গ্যাম্বলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ান। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান আসামি আবুল খায়ের (হিরু) তার স্ত্রীর সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার অবৈধ অর্থ বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন। পাশাপাশি তার ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আবুল খায়েরের কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারের শেয়ারে সাকিব আল হাসান সরাসরি বিনিয়োগ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি বাজার কারসাজিতে সহায়তা করে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইন’-এর নামে অর্জন করেন।

আগামী ২০ মে আদালত মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে পরবর্তী নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...