Don't Miss
Home / অর্থনীতি / সচিব কমিটি সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো পর্যালোচনা চালিয়ে যাবে: উপদেষ্টা তিতুমীর

সচিব কমিটি সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো পর্যালোচনা চালিয়ে যাবে: উপদেষ্টা তিতুমীর

এমএনএ প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সচিব কমিটি বিস্তারিত পর্যালোচনা শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে সচিব কমিটি।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতুমীর বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নির্ধারণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং সরকার এ বিষয়ে কাজ করছে। পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটিই মূলত তা পদ্ধতিগতভাবে পর্যালোচনা করে সুপারিশ দেবে।

অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কমিশনপ্রধান জানান, এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের আগে একাধিক ধাপ রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

এই কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫—এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

সরকারি বেতন কাঠামোর এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...