Don't Miss
Home / আজকের সংবাদ / সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পৃথিবীর সর্বত্র আঘাত হানতে সক্ষম এমন একটি শক্তিশালী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ বুধবার ভোরে এটি ৪ হাজার ৫০০ কিলোমিটার কৌণিক দূরত্ব পেরিয়ে জাপানের জলসীমায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার দাবি, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়ার এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে পুরো বিশ্বের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। এর আগে পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
মার্কিন বিজ্ঞানীদের একটি সংগঠন বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সাড়ে চার হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায় তারপর নেমে এসে আজ বুধবার সকালে উত্তর কোরিয়া থেকে ১০০০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে।
হোয়াইট হাউজ জানিয়েছে, মিসাইলটি আকাশে থাকতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টির যথাযথ জবাব দেয়া হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জেমস ম্যাটিস হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করেন, সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। দক্ষিণ কোরিয়া বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার রাজধানীর পূর্ব দিক থেকে ছোঁড়া হয়। পরমাণু কর্মসূচী নিয়ে উদ্বেগ তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক অবরোধের মধ্যেও দুই মাস পর আবারো এমন পরীক্ষা চালানো হলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টস’ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার এবারের ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে সেটি পৌঁছানো সম্ভব।
তবে আজ বুধবারের পরীক্ষায় উত্তর কোরিয়া হালকা কোনো মক ওয়ারহেড ব্যবহার করেছে বলেই সংগঠনটি মনে করছে। সেক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ওই দূরত্বে পারমাণবিক হামলা চালানো সম্ভব নাও হতে পারে, কারণ পারমাণবিক ওয়ারহেডের ওজন অনেক বেশি।
অব্যাহত আন্তর্জাতিক চাপের মধ্যেও উত্তর কোরিয়ার আবারো দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সরব বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন যে, বিষয়টি আমরা দেখছি। জেনারেল ম্যাটিস আমাদের সঙ্গেই আছেন এবং এ নিয়ে দীর্ঘ আলোচনাও হচ্ছে। আসলে, যে পরিস্থিতি তৈরি হয়েছে- সেটা আমরা সামলে নেবো।
এদিকে, পিয়ংইয়ং এর এমন উস্কানি মূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সভার আহ্বান করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক মহলের কাছে পিয়ংইয়ং এর বিরুদ্ধে ক্রমাগত অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও। বিবিসি।
যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের বিষয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক সমালোচনা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গত কয়েক বছর ধরে একের পর এক পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া।
ব্যালিস্টিক মিসাইলের সর্বশেষ পরীক্ষাটি তারা চালিয়েছিল গত সেপ্টেম্বরে। ওই মাসেই তারা পারমাণবিক অস্ত্রের ষষ্ঠ পরীক্ষাটি চালায়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলে আসছেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিই তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।
নতুন নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করার এক সপ্তাহের মাথায় আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...