Don't Miss
Home / আজকের সংবাদ / সাবেক এমপি খালেদুর রহমান টিটো আর নেই

সাবেক এমপি খালেদুর রহমান টিটো আর নেই

এমএনএ সংবাদ ডেস্ক : চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটো।

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

৭৬ বছর বয়সী এ নেতাকে ফুসফুসে ইনফেকশনজনিত কারণে তিনদিন আগে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

সোমবার দুপুরে জোহরের নামাজের পর নগরের ঈদগাঁ ময়দানে তার বাবার জানাজা শেষে কারবালা কবরস্থানে সমাহিত করা হবে।

১৯৬৩ সালে যশোর এমএম কলেজ ছাত্র ইউনিয়নে রাজনীতি হাতে খড়ি হয় তার। ‘৬৭ বাম ধারার শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৯৯০ সালের মে মাসে এরশাদ সরকারের শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী হওয়া এই নেতা রাজনৈতিক জীবনের তিনি অনেক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ইপিসিপি (এমএল), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ), গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগও করেছেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর আগে বিএনপিতে যোগ দিলেও সদর আসনে দল প্রার্থী না করায় সেই দল থেকে নির্বাচন করেননি বলেন তার ছেলে জিউস।

১৯৭৪ সাল থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী-ন্যাপ) করা এ নেতা ১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ন্যাপের পক্ষ থেকে জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিলেন। পরে ১৯৮১ সালে ‘গণতান্ত্রিক পার্টি’ গঠিত হলে এর স্টান্ডিং কমিটির সদস্য হন।

১৯৮৪ সালে যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৭ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েওছিলেন।

১৯৯১ সালের পর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত এ নেতা ৯৬ সালের নির্বাচনে পরাজয়ের পর দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা হবিবুর রহমান আইনজীবী ছিলেন।

সাত ভাইবোনের মধ্যে টিটো দ্বিতীয়। টিটোর শিক্ষাজীবন শুরু হয় যশোর জিলা স্কুলে। ১৯৬০ সালে এখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। ১৯৬৩ সালে ঢাকার কায়েদে আজম কলেজ হতে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৬৭ সালে কারাগারে অবস্থানকালে যশোর এমএম কলেজ থেকে গ্রাজুয়েশন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে মাস্টার্সে ভর্তি হলেও রাজনৈতিক কারণে পড়া শেষ করতে পারেননি।

x

Check Also

আলোচনার মধ্যেই নতুন হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা ...