সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ৯৪
Posted by: News Desk
February 20, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সিরিয়ায় দামেস্কের কাছে বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় ঘোতা শহরে দেশটির সরকারি বাহিনীর বিমান ও রকেট হামলায় অন্তত ৯৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ সময় আরও ৩২৫ জন আহত হয়েছেন।
দেশটিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ২০ জনই শিশু। খবর বিবিসি।
বিবিসি বলছে, গতকাল সোমবার ঘোতা একালায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনাবাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আকাশ থেকে হামলার পর এবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলপথে হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় বিভিন্ন সময়ে চালানো হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এলাকাটিতে বোমা হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। স্থানীয় জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, সেখানকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনের বাইরে।
সেনাবাহিনী স্থলপথেও অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পূর্বাঞ্চলীয় ঘোতা শহরে প্রায় ৪ লাখ মানুষ বাস করে। ২০১৩ সালে ওই অঞ্চল দখল করে নেয় বিদ্রোহীরা। রাজধানী দামেস্কের কাছে এটাই বিদ্রোহীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত।
ওই এলাকার দখল নিতে চলতি মাসের শুরু থেকেই সেখানে অভিযান শুরু করেছে সিরীয় বাহিনী। সরকারি বাহিনীর এসব হামলায় কয়েকশ মানুষ নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে, উত্তরাঞ্চলীয় সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সহায়তা না দেয়ার জন্য সরকারি বাহিনীকে সতর্ক করেছে তুরস্ক। গত রবিবার থেকে শুরু করে ঘোতা শহরে কয়েক দফা বিমান হামলায় শুধুমাত্র বেসামরিক হতাহতের ঘটনাই ঘটেনি বরং বেসামরিকদের বেঁচে থাকার বিভিন্ন অবলম্বনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বেশ কিছু বেকারি, গুমাদঘর হামলার শিকার হয়েছে। ফলে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু চিকিৎসা সেবা কেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার চারটি অস্থায়ী হাসপাতাল বন্ধ ছিল। এর মধ্যে একটি প্রসূতি মায়েদের চিকিৎসা প্রদানে কাজ করছিল।
হামৌরিয়া শহরে গতকাল সোমবার কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ওই এলাকার একটি ভিডিওতে দেখা গেছে, বোমা হামলায় ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর থেকে লোকজন পালিয়ে যাচ্ছে।
সামনের মাসেই সিরীয় সংঘাতের সাত বছর পূর্ণ হবে। এই কয়েক বছরে সিরিয়ায় বিমান হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সংঘাতের কারণে দেশটি থেকে পালিয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। সেখানে কয়েক লাখ মানুষ মানবিক সঙ্কটে দিন কাটাচ্ছে।
সিরিয়ায় হামলায় সরকারি বাহিনীর ২০ শিশুসহ নিহত ৯৪ 2018-02-20