হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন
Posted by: News Desk
May 7, 2018
এমএনএ রিপোর্ট : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাস স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
আজ সোমবার দুপুরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আপিলটি করা হয়। সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে হাসান উদ্দিন সরকার আবেদনটি করেছন।
আপিলটি আজই চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন হাসান উদ্দিন সরকারের আইনজীবী সানজিদ সিদ্দিকী।
তিনি জানান, আবেদনের জন্য হলফনামা করতে বেলা ১১টার দিকে আদালতের অনুমতি নেয়া হয়। অনুমতি নিয়ে আবেদনটি করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের চেম্বার আদালত তাকে এ অনুমতি প্রদান করেন।
উল্লেখ্য, গত রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। ভোটের মাত্র নয় দিন আগে হুলুস্থুল প্রচারের মধ্যে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হয়।
আদেশে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচনসংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (সিটি কর্পোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টে রিটটি করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ। তিনি সাভার আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক।
তিন বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের ছয়টি মৌজার জটিলতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করে। চলতি বছরের ৪ মার্চ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপন জারির দুই মাস পরে স্থানীয় সরকারের ওই প্রজ্ঞাপন এবং গাজীপুর সিটি করপোরেশনে ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে রিট করেন সেই আজহারুল। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট।
আজহারুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের বেয়াই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সরকার নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোক দিয়ে কারসাজি করে নির্বাচন স্থগিত করেছে। তিনি দাবি করেন, এটি সরকারের অপচেষ্টা। রিট আবেদনকারী আওয়ামী লীগের স্থানীয় নেতা। এখান থেকেও বিষয়টি পরিষ্কার বোঝা যায়।
এ বিষয়ে সরকারি দল আওয়ামী লীগের দিক থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া গতকাল রাত পর্যন্ত আসেনি। তবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ গতকাল বিকেলে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আদালত স্বাধীন। আদালত রায় দিয়েছেন, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।
১৫ মে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনেও ভোট হওয়ার কথা ছিল। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে এই দুই সিটি, বিশেষ করে রাজধানীর উপকণ্ঠে গুরুত্বপূর্ণ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিকে নজর ছিল সবার।
কারণ, এ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে। তাই সরকারি দল চাইছিল এই নির্বাচনে জাতীয় রাজনীতি সামনে না আনতে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির বিষয়াদি সামনে চলে আসে। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ মূল্যায়নেও দলীয় প্রার্থীর জয় নিশ্চিত ছিল না।
এর আগে গত জানুয়ারিতে তফসিল ঘোষণার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোর নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত হয়েছিল। তখন নির্বাচন হলে ঢাকা উত্তর সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা কম ছিল বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল।
আদেশ আবেদন হাইকোর্টের স্থগিত প্রার্থীর চেয়ে বিএনপি 2018-05-07