Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হিলিতে সাতদিনের কঠোর বিধিনিষেধ, চলবে আমদানি-রপ্তানি
হিলিতে

হিলিতে সাতদিনের কঠোর বিধিনিষেধ, চলবে আমদানি-রপ্তানি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২১ জুন বিকেল ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার করোনা প্রতিরোধবিষয়ক কমিটির এক জরুরি বৈঠকে এ বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম।

বিধিনিষেধের মধ্যে রয়েছে, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালু থাকবে, হাট-বাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকেল ৪টার পর জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া কোনো দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকেল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না, কেউ করোনায় আক্রান্ত হলে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে, করোনায় আক্রান্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবে না এবং গ্রামে-গ্রামে গিয়ে মেডিকেল টিম করোনা পরীক্ষা করবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, বাংলা-হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আরমান আলী প্রমুখ।

এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. গাদ্দাফি শিকদার জানান, গত ৪৮ ঘণ্টায় হিলিতে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জন সুস্থ হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে এখানে করোনা রোগীর সংখ্যা ৩৩ জন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...