Don't Miss
Home / আজকের সংবাদ / হ্যাকাররা নতুন কৌশলে অর্থ হাতাচ্ছে : সুইফট

হ্যাকাররা নতুন কৌশলে অর্থ হাতাচ্ছে : সুইফট

এমএনএ অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাংকিং লেনদেনে কড়াকড়ির মধ্যেও নতুন কৌশল ব্যবহার করে হ্যাকাররা অর্থ হাতিয়ে নিচ্ছে বলে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) এক চিঠিতে বলা হয়েছে।

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের কর্মকর্তা এবং গ্রাহক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো এক চিঠির বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২ নভেম্বর ওই চিঠিটি পাঠানো হয়।

আসছে দিনগুলোতে এ ধরনের হামলা আরও বেড়ে যেতে পারে বলেও ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে সুইফট।

swift-codeআর্থিক লেনদেনের বার্তা বিনিময়ের আন্তর্জাতিক মাধ্যম সুইফটের সদস্য হচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এজন্য প্রত্যেক গ্রাহককে একটি নির্দিষ্ট কোড ও সিস্টেম ব্যবহারের জন্য গোপন নম্বর (পিন) দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। সুইফটের মাধ্যমে প্রতিদিন কয়েক ট্রিলিয়ন ডলারের আন্তব্যাংক লেনদেন হয়।

সুইফটের ওই চিঠিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের গ্রাহকদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এখনও অর্থ স্থানান্তরের ভুয়া আদেশ পাঠানো হচ্ছে।’

এছাড়া হ্যাকাররা কৌশল বদল করে তাদের অর্থ হাতিয়ে নিতে পারে বলেও গ্রাহকদের সতর্ক করা হয়েছে ওই চিঠিতে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড নিউইয়র্ক) থাকা রিজার্ভ হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়। অভাবনীয় ওই ঘটনার পর নিজেদের প্লাটফর্মে কোনো ক্রটি থাকার কথা প্রথমে অস্বীকার করে সুইফট। অবশ্য পরে গ্রাহকদের নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয় প্রতিষ্ঠানটি।

dollar-2রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর প্রায় বছর গড়ালেও সুইফট নেটওয়ার্ক যে এখনও ঝুঁকির মুখে রয়েছে, এই চিঠিই তার প্রমাণ।

সুইফটের কাস্টমার সিকিউরিটি প্রোগ্রামের প্রধান স্টিফেন গিল্ডারডেল গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ফেব্রুয়ারির ঘটনার পর আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ও বেসরকারি ব্যাংকের ব্যবহৃত সুইফট প্ল্যাটফর্মে হ্যাকারা হামলা চালিয়েছে এবং এক পঞ্চমাংশ ক্ষেত্রে তারা সফল হয়েছে।

তবে কতটি ব্যাংক বা কোন কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ অর্থ খোয়া গেছে তা জানাননি গিল্ডারডেল।

বাংলাদেশ ব্যাংকের পর আরও তিনবার নিজেদের প্ল্যাটফর্ম আক্রান্ত হওয়ার কথা এর আগে জানিয়েছিল বেলজিয়ামভিত্তিক কো-অপারেটিভ প্রতিষ্ঠান সুইফট। তবে সেসব ঘটনায় হ্যাকাররা সফল হয়নি বলেও সে সময় বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ট্যাগ : হ্যাকাররা, নতুন, কৌশলে, অর্থ, হাতাচ্ছে, সুইফট
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...