অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা
Posted by: News Desk
September 11, 2019
এমএনএ রিপোর্ট : পুলিশর অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে ৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে (চলতি দায়িত্ব) তিনজন এবং ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এতোদিন অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনে তাদের গ্রেড-২ এ পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন– শেখ মোহাম্মদ মারুফ হাসান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিশ্বাস আফজাল হোসেন ও মাহবুব হোসেন।
তাদের মধ্যে মারুফ হাসানকে গত ১৬ মে এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) হিসেবে চলতি দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছিল। একই প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ব্যারিস্টার মাহবুবুর রহমানকেও অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে এই দুই কর্মকর্তার মধ্যে মামুন সিআইডি প্রধান ও মাহবুবুর হাইওয়ে পুলিশের দায়িত্বে রয়েছেন।
এছাড়া গত ২৮ আগস্টে অপর এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন ও মাহবুব হোসেনকেও অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দিয়ে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছিল।
এদিকে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আইজিপি হলেন অতিরিক্ত ৫ কর্মকর্তা 2019-09-11