এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ কোভিড পরবর্তী নতুন পৃথিবীতে নেতৃত্ব দিতে ১৬টি অ্যাকশন পয়েন্ট এবং ৯০টি অ্যাকশন এজেন্ডা চিহ্নিত করে একটি রোডম্যাপ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) কোভিড পরবর্তী করণীয় বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এই তথ্য জানানো হয়।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোভিড পরবর্তী রোডম্যাপ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী প্রণীত এই রোডম্যাপে অংশীদারিত্বের জায়গা আরও সম্প্রসারণ করে সরকার, ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া ও সুশীল সমাজকে একত্রিত করে একটি শক্তিশালী ভিত্তির ওপর আত্ম-নির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তা, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে এই রোডম্যাপ প্রণয়ন করা হয়।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কোভিড-১৯ মহামারি মোকাবিলায় গত আট মাসে ১১ বছরে প্রস্তুত প্রযুক্তি অবকাঠামো মূল ভূমিকা পালন করেছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও বিচারিক কার্যক্রম চলমান রাখা সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রোডম্যাপ অনুযায়ী এই পরবর্তী পরিস্থিতির জন্য ডেটা প্রাইভেসি ও প্রোটেকশন অ্যান্ড লোকালাইজেশন আইন, স্টার্টআপ পলিসি, দক্ষতা তৈরির ম্যাপিং প্রণয়ন এবং তরুণ ও নারীদের অর্থনীতির মূল চালিকাশক্তিতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করা করা হবে।’
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের সচিব কামাল হোসেন, এটুআই’র পলিসি উপদেষ্টা আনির চৌধুরী, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, স্টার্টআপ বাংলাদেশের উপদেষ্টা টিনা জাবিন প্রমুখ। এলআইসিটির উপদেষ্টা সামি আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

