আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে
Posted by: News Desk
September 15, 2019
এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
একই সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থলে সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০ ডিসেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন হবে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত শেখ হাসিনা টানা। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছিলেন ওবায়দুল কাদের।
সে হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ পূরণের দুই মাসের মাথায় সম্মেলন হচ্ছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ছাড়াও দলের কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর, উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ অন্য সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক-সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনা এবং বেশ কিছু সিদ্ধান্তও গৃহীত হয়।
জাতীয় আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরে 2019-09-15