Don't Miss
Home / আইন আদালত / আজও খালেদার রায়ের নকল পাওয়া যায়নি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে নেওয়ার পথে খালেদা জিয়া।

আজও খালেদার রায়ের নকল পাওয়া যায়নি

এমএনএ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের নকল (সার্টিফায়েড কপি) আজও পাওয়া যায়নি। এই মামলার প্রধান আসামি ও ৫ বছরের সাজা পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আজ বৃহস্পতিবার দিনভর অপেক্ষা করেন অনুলিপির জন্য।
আদালত সূত্র বলছে, আগামী রবিবার বা সোমবার রায়ের অনুলিপি আসামিদের আইনজীবীদের দেওয়া হবে।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে বলেন, ‘আজ রায়ের অনুলিপির জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু বিকেলে আদালতের পেশকার জানিয়েছেন আগামী রবিবার বা সোমবার এ অনুলিপি দেওয়া হবে।’
আদালতের পেশকার মোকাররম হোসেন আজ অনুলিপি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জয়নুল গত সোমবার বলেছিলেন, রায়ের সত্যায়িত অনুলিপি নেওয়ার জন্য তিন হাজার পৃষ্ঠার স্ট্যাম্প ফোলিও পেপার বিচারক আখতারুজ্জামানের পেশকার মোকাররম হোসেনের কাছে জমা দেওয়া হয়েছে। ওই কাগজেই রায়ের সত্যায়িত কপি লেখা হবে।
এর আগে গতকাল বুধবার খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ তারা নকল পাবেন।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সব প্রস্তুতি নিয়েছেন। অনুলিপি পেলেই আপিল করবেন। তিনি বলেন, অনুলিপি পেতে এতো সময় লাগার কথা না।
এদিকে গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে এক মানহানির মামলায় শোন অ্যারেস্টের আবেদনের অভিযোগে বলা হয়, ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে জিয়াউর রহমান তাকে হুমকি দেন ও অবরুদ্ধ করে রাখেন। ২০০১ সালে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী রাজাকার আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি করে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছেন, যা মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও মানচিত্রের অবমাননার শামিল।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় হয়। রায়ের পর থেকে পুরান ঢাকায় নাজিমউদ্দিন সড়কের সাবেক কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...