Don't Miss
Home / আজকের সংবাদ / আ. লীগের কাউন্সিল পেছানোর আভাস

আ. লীগের কাউন্সিল পেছানোর আভাস

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আ.লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল আগামী ২৮ মার্চের পরিবর্তে আরও পিছিয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। সারাদেশ থেকে নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দেবেন। সাথে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন দলের নেতাকর্মীরাও সম্মেলনে আসবেন।

Mahbubul Hanif

যেহেতু এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল নেতাকর্মী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। এসব বিষয় চিন্তা করে সামনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হতে পারে।

গত ৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৮ মার্চ কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিল।

এর আগে ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় কাউন্সিল হয়েছিল। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।

আওয়ামী লীগের কাউন্সিলের ঘোষণা আসার পর ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপি। আগামী ১৯ মার্চ এই কাউন্সিল সামনে রেখে এরইমধ্যে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির শীর্ষ দুই পদ চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Awami League BBA Office

আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনেও সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।

এবার কাউন্সিলের জন্য এরইমধ্যে প্রস্তুতির উপ-কমিটিগুলো গঠন করেছে আওয়ামী লীগ। কয়েক দফা বৈঠকও হয়েছে ওই সব কমিটির।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ নিয়ে দলের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানত্রেীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সভা হয়।

ওই সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহাবুব-উল-আলম হানিফ। আগামী তিন দিনের মধ্যে তৃতীয় ধাপের ৭০৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কেউ বিদ্রোহী প্রার্থী হলে এবং তাকে কেউ সহযোগিতা করলে সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

এবার মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯টি ইউনিয়নে ভোট হবে। ২২ মার্চ প্রথম ধাপের ভোট শুরু হবে, শেষ হবে ৪ জুন।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...