Don't Miss
Home / হোম স্লাইডার / ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, পৌর নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা কিংবা বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

মন্ত্রী আজ শনিবার সকালে নোয়াখালী কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ। ক্ষমতায় যেতে চাইলে  বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপির নেতারা বিএনপির আসন্ন সম্মেলনে নিজেদের অবস্থান সৃষ্টির জন্য বঙ্গবন্ধুকে কটুক্তি করে। তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার জন্য কটুক্তি করে।

তিনি বলেন, ২০-দলীয় জোট আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত কোনো ফলপ্রসূ আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচনটাও যদি করত, তাহলে তারা আজকে যে সংকটের কথা বলছেন, সেই সংকট দৃশ্যমান হতো না। এই সংকট থাকার কথা না। এই সংকটের কারণ হচ্ছে তারা।

Obaidul Kader 2

জাতীয় পার্টিতে অস্থিরতার প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই হয়। এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে এটি ভালো। এটাকে জাতীয় পার্টির গণতন্ত্রের চর্চাও বলা যেতে পারে। এ নিয়ে জোটে টানাপোড়েন দেখা দেওয়ার কোনো কারণ নেই।

বামনী আছিরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সম্প্রদায়িকতার স্থান নেই। শিক্ষার নামে মাদ্রাসায় সাম্প্রদায়িকতা সৃষ্টির কোন সুযোগ নাই।

অনুষ্ঠানে আয়োজকদের উদ্দেশে মন্ত্রী বলেন, মন্ত্রীর কাজ জনগণকে খুশি করা। গেইট করাতে আমি খুশি হইনি। গেইট ছিঁড়ে যাবে, ছবি ঘষে যাবে, পাথর মুছে যাবে কিন্তু হৃদয়ের ভালোবাসা চিরদিন রয়ে যাবে।

 নোয়াখালী জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ  মাহে আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান রুমেল চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি খিজির হায়াত খান, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর আহম্মদ চৌধুরী, আ’লীগ নেতা জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...