Don't Miss
Home / হোম স্লাইডার / ইতালি থেকে ফিরলেন আরও ১৫৫ বাংলাদেশি

ইতালি থেকে ফিরলেন আরও ১৫৫ বাংলাদেশি

এমএনএ রিপোর্ট : ইতালি থেকে আরও ১৫৫ জন বাংলাদেশি ফিরেছেন। আজ রবিবার সকালে তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে দেশে ফিরেন আরও ৫৮ বাংলাদেশি।

ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

তার আগে, গতকাল শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেন ১৪২ জন। শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয় আশকোনার হজ ক্যাম্পে।

পরীক্ষা করে তাদের দেহে করোনার অস্তিত্ব না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়। সেখানে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশে যে তিনজনের দেহে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিলো, তাদের দুইজনই এসেছিলেন ইতালি থেকে।

এদিকে নতুন করে করোনা ভাইরাসে দেশে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নতুন করে আরো দুইজন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি। ইতালি ও জার্মানি থেকে আগত তারা সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।’

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...