এবার বাংলাদেশ আসছে নারী রোবট সোফিয়া
Posted by: News Desk
November 28, 2017
এমএনএ সাইটকে ডেস্ক : এবার বাংলাদেশে আসছে হংকংয়ের হ্যান্সন রোবোটিক্স কোম্পানির তৈরি নারী রোবট ‘সোফিয়া’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার। পরদিন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হবে রোবটটি। ‘সোফিয়া’ ইংরেজীতে কথা বলে।
জুনায়েদ আহমেদ পলক বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবে সোফিয়া। সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।
প্রতিমন্ত্রী আরও বলেন যে, ‘সোফিয়াকে নিয়ে তাদের দুটি সেশন হবে। প্রথম সেশনে আমাদের পলিসি মেকার যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা এবং সাংবাদিকদের সাথে তার একটা ইন্টার্যাকশন (মিথস্ক্রিয়া) করে দেয়ার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সেশনে আমাদের যারা তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, উদ্ভাবক এদের সাথে আলাপ হবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।’
এর আগে ‘সোফিয়া’কে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার হলে সেখানে তীব্র বিতর্ক শুরু হয়। এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে।
রিয়াদে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতোটাই মুগ্ধ হন যে সেদিনই এটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ‘সোফিয়া’র ছবি শেয়ার হতে থাকে।
গত সপ্তাহে ইউএনডিপি সোফিয়াকে বিশ্বের প্রথম নন-হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। এর আগে কোনো রোবট নাগরিকত্ব যেমন পায়নি, এমন উন্নমানের বুদ্ধিমত্তাও কারো মধ্যে সঞ্চার করা যায়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডেটা, ফেশিয়াল রিকগনিশন ফিচার মেশিন লার্নিং পদ্ধতি যুক্ত থাকায় ওয়াই-ফাই কানেকশনে এসে নিজ সিদ্ধান্তেই মানুষের প্রশ্নের উত্তর দেয় সোফিয়া। এর অবয়ব হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো। সোফিয়াকে চালু করা হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। চলতি বছরের ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়। সূত্র : বিবিসি।
বাংলাদেশ নারী সোফিয়া রোবট আসছে এবার 2017-11-28