এরশাদের শারীরিক অবস্থার অবনতি
Posted by: News Desk
June 26, 2019
এমএনএ রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে তিনি রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছেন।
আজ বুধবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে। চলতি বছরের শুরুতেও তিনি শারীরিক অসুস্থতায় সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
আজ বুধবার মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে এরশাদের ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এ কথা জানান।
এ সময় জি এম কাদের বলেন, সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি এরশাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, খোদা না করুক, তার কিছু হয়ে গেলে কী হবে? আমি বলি এরশাদের নির্দেশিত পথে, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি চলবে।
এরশাদ পরিণত বয়সে উপনীত হয়েছেন উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অনেকের মনেই প্রশ্ন আছে, এরশাদের অবর্তমানে পার্টির কী হবে। তার অবর্তমানে কিছু সমস্যা হতে পারে। এখন তার নামে যা হচ্ছে, তখন সেটা হবে না। অর্জন করে নিতে হবে।
এর আগে সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান জি এম কাদের।
শারীরিক এরশাদের অবনতি অবস্থার 2019-06-26