Don't Miss
Home / হোম স্লাইডার / করোনা ভাইরাসে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু

করোনা ভাইরাসে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইরানে অন্তত ২১০ জন মারা গেছেন। ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছেন, নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের বাসিন্দা। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছিল করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। সে সংখ্যার তুলনায় এখনকার মৃতের সংখ্যা ছয়গুণ বেশি।

তবে করোনায় ২১০ জন মারা গেছে বলে যে খবর চাউর হয়েছে, এনিয়ে দেশটির সরকার কোন মন্তব্য করেনি।

চীনের বাইরে করোনায় ইরানেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সপ্তাহে কোমের একজন এমপি অভিযোগ করে বলেন, সরকার করোনা ভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে।

তিনি দাবি করেছিলেন , কেবল কোম নগরীতেই ৫০ জনের মৃত্যু হয়েছে। সেসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সাংসদের দাবি মিথ্যা বলে অভিযোগ করেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তারা ইরানকে করোনা ভাইরাসের মোকাবিলার সাহায্য করতে প্রস্তুত।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

চীনে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮৮ জনে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। অথচ এর আগের দিন এ রোগে মৃত্যু হয়েছিল ২৯ জনের। গত একমাসের মধ্যে একদিনে সেটিই ছিল সর্বনিম্ন মৃত্যুর হার।

চীনের স্বাস্থ্য কমিশন জানায়, গত বৃহস্পতিবার করোনায় নতুন করে আক্রান্ত হন ৩২৭ জন। যদিও এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৩। এর মধ্য দিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৮২৪ জনে। শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এ পরিস্থিতি ‘বৈশ্বিক মহামারীর’ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...