কাল মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
Posted by: News Desk
March 16, 2020
এমএনএ রিপোর্ট : আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।’
তিনি বলেন, আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৮৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।
এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ’ ৯ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
সব কাল প্রতিষ্ঠান শিক্ষা থেকে বন্ধ দেশের মঙ্গলবার 2020-03-16