Don't Miss
Home / আইন আদালত / খালাফ হত্যা মামলায় আপিলের রায় বুধবার

খালাফ হত্যা মামলায় আপিলের রায় বুধবার

এমএনএ রিপোর্ট : সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।
আদালতে এ দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সিকদার মকবুল হক।
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ মার্চ রাত ১টার দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন হত্যা মামলা করেন।
এরপরে ওই বছরের ৪ জুন দক্ষিণখান থানার গাওয়াইর এলাকা থেকে মো. আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি, সাইফুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কালো রংয়ের একটি বিদেশি পয়েন্ট ২২ বোরের রিভলবার জব্দ করা হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে ওই দিনই তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।
পরে আসামি মামুন ও আল আমিন আদালতে স্বীকার করেন, ৫ মার্চ দিবাগত রাতে ছিনতাই করতে বাধা দেওয়ায় তারা খালাফ আল আলীকে এ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন। এই স্বীকারোক্তির পর পুলিশ মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
এরপরে একই বছরের ৩০ ডিসেম্বরে খালাফ হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হন- মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।
এদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত চার আসামি ওই বছরই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর আপিলের বিষয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় ও পলাতক সেলিম চৌধুরীকে খালাস দেন হাইকোর্ট। এ ছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অবশ্য হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্র ও আসামিপক্ষ। এর পর আপিল বিভাগ মামলাটি পুনরায় শুনানির জন্য ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেন।
এর ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর বিষয়টি শুনানির জন্য আদালতে ওঠে। এদিন আসামি সাইফুলের আইনজীবী সিকদার মকবুল হক সময়ের আবেদন জানালে আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...