খালেদা জিয়াকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
Posted by: News Desk
October 9, 2017
এমএনএ রিপোর্ট : দুই বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে আজ সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম এ আদেশ দেন।
আদালতের পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান, চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি কর্মসূচিতে বাধা পেয়ে বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়।
ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন, যেখানে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকেও আসামি করা হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করা হয় হুকুমের আসামি।
মামলার তদন্ত শেষে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করে পুলিশ গত ৬ মার্চ কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
গ্রেপ্তারে খালেদা পরোয়ানা জারি জিয়াকে 2017-10-09