Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

এমএনএ রিপোর্ট : দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা অনশন কর্মসূচি পুলিশি বাধায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শেষ হয়ে গেছে। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করে দলটি। এতে বিএনপি ও জোটের কেন্দ্রীয় নেতারাসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
প্রেসক্লাবের সামনের ফুটপাতে মাদুর বিছিয়ে প্রতীকি এ অনশনে বসেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেলেন নেতা-কর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা ছিল বলে জানা গেছে।
দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ করেই অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রেসক্লাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ অবস্থান করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।
আজ বুধবার সকাল ১০টায় শুরু হওয়া অনশন কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। পরে বিএনপি নেতারা জানান ৪টা পর্যন্ত তারা অনশন করবেন।
তবে ১১টার পর সন্দেহভাজন নেতাকর্মীদের আটক করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে এক কর্মীকে আটক করলে অন্যদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
পুলিশ বিএনপির অনশন কর্মসূচি সাড়ে ১২টার মধ্যে শেষ করতে বলে। পুলিশের এই নির্দেশের কথা জানতে পেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ১২টা ২০ মিনিটে অনশনস্থল থেকে বের হয়ে আসেন। তিনি খুঁজতে থাকেন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের।
কদম ফোয়ারার কাছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারকে খুঁজে বের করেন মির্জা ফখরুল।
উপকমিশনারকে তিনি অনুরোধ করে বলেন, আমরা ৫টা নয়, দুপুর ১টায় অবস্থান কর্মসূচি শেষ করব। দয়া করে আর বাধা দেবেন না। পুলিশও মির্জা ফখরুলের অনুরোধ মেনে নেয়। পরে পৌনে ১টার দিকে অনশন কর্মসূচির অবসান ঘটানো হয়।
অনশনে অংশ নিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
২০ দলীয় জোটের নেতাদের মধ্যে রয়েছেন এলডিপি’র সাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির একাংশের হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া।
বিএনপি সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীরাও অনশনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখছেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া বন্দি হওয়ার পর দু’দিনের বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
বিএনপির আজকের অনশনস্থল ঘিরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জল কামানের গাড়ি। তবে অনশনের শুরু থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কোনো ধরনের গোলযোগ ঘটেনি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...