চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মোজাম্মেল
Posted by: News Desk
September 11, 2018
এমএনএ রিপোর্ট : চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
আজ মঙ্গলবার তার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়ার এক আবেদনে ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হকের আদালত জামিনের এ আদেশ দেন।
চাঁদাবাজির মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারবেন না মোজ্জামেল হক; কারণ বিস্ফোরণ দ্রব্য আইনের এক মামলায় গতকাল সোমবারই তাকে গ্রেপ্তারের আবেদন করে কাফরুল থানা পুলিশ।
এ প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের আইনজীবী জায়েদুর রহমান জানান, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা আছে।
মিরপুর থানা পুলিশ জানায়, কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এর আগে কথিত চাঁদাবাজির মামলায় গত বুধবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে মিরপুর মডেল থানার পুলিশ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।
পেলেন চাঁদাবাজির মোজাম্মেল জামিন মামলায় 2018-09-11