জনপ্রিয় অভিনেতা বাবর আর নেই
Posted by: News Desk
August 26, 2019
এমএনএ বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবর অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।
আজ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাদ আসর বাবরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহ তার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে এই তারকাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷
আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন খলনায়ক হিসেবে।
এক যুগ আগে মনোয়োর হোসেন ডিপজল’র ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ সিনেমায় সবশেষ অভিনয় করেছিলেন বাবর।
খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বাবর ‘দাগী’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। পরিচালনা করেছিলেন একমাত্র সিনেমা ‘দয়াবান’।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন বাবর। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চলচ্চিত্র অভিনেতা বাবর জনপ্রিয় আর নেই 2019-08-26