জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের পক্ষের জয়লাভ
Posted by: News Desk
December 18, 2018
এমএনএ রিপোর্ট : জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন একই প্যানেলের দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।
নির্বাচনে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে বিজয়ী হন। আর ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।
এর আগে সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আর ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
এরআগে, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জনের মধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।
-

-
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সাথে সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিন।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জাতীয় প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা ভোটকেন্দ্রে আসেন। উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার ১ হাজার ২১২ জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বরাবরের মতো এবারও ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ নামে আওয়ামী লীগ সমর্থকরা এবং বিএনপি-জামায়াত সমর্থিতরা ‘জাতীয়তাবাদী ফোরাম’ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন কয়েকজন।
নির্বাচন উপলক্ষে প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, এসএএম শওকত হোসেন, মোস্তাফিজুর রহমান ও উদয় হাকিম।
জাতীয় প্রেসক্লাবে জয়লাভ মুক্তিযুদ্ধের পক্ষের 2018-12-18