জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ
Posted by: News Desk
November 2, 2019
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : আজ শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষাই শুরু হবে আজ সকাল ১০টায়। জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।
চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও অটিস্টিক শিশুদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।
এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
পরীক্ষা শুরুর আগে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী।
আজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন -শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জৈষ্ঠ সচিব মো: সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, কেন্দ্র পরিচালক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান।
আজ পরীক্ষা শুরু জেএসসি জেডিসি 2019-11-02