Don't Miss
Home / রাজনীতি / টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এমএনএ রাজনীতি ডেস্কঃ দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে সেখানে থাকা পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন তিনি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এর আগে সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১২টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া সফর শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

গত সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টার দিকে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ পাঠের পর বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান। কার্যালয়ের দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ আসন বদল করেন তারা।

এ সময় আগত অতিথিরা করতালি দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে শপথ নথিতে সই করেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি।

আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবারই প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...