ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
Posted by: News Desk
January 22, 2019
এমএনএ রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এতথ্য জানান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে ওই পদটি শূন্য হয়। পরে মেয়র পদে উপনির্বাচনসহ দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়।
ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন রাজধানীর উপকণ্ঠের ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়।
সর্বশেষ গত ১৬ জানুয়ারি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন-সংক্রান্ত রুল খারিজ করে দেন। মামলার সংশ্নিষ্ট আইনজীবী আদালতে না আসায় হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে। এবার ৫টি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথম ধাপে ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন শুরু হবে।
উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন।
ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে রিট আবেদন হলে হাই কোর্ট ভোট স্থগিত করে রুল দিয়েছিল। পরে আপিল বিভাগেও সেই স্থগিতাদেশ বহাল থাকে। ফলে ভোট আটকে যায়। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনও হয়ে যায়।
রিটকারীরা এখন আর মামলা চালাতে আগ্রহী না হওয়ায় গত ১৬ জানুয়ারি ঢাকার সিটি ভোটের বাধা কাটে।
ইসি সচিব বলেন, স্থগিতাদেশের আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরও নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
“আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের জামানাতের টাকা ফেরত দেওয়া হবে; এবার নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এ জন্য নির্ধারিত সময়ে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।”
তবে সে সময় যাদেরকে এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই বহাল থাকবেন।
>> উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। ১৩৪৯ কেন্দ্রের ৭ হাজার ৫১৬ ভোটকক্ষে তারা মেয়র পদের উপ নির্বাচনের ভোট দেবেন।
>> উত্তরের নতুন ১৮ ওয়ার্ডে ভোটার আছেন ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। মেয়র পদের সঙ্গে তারা নতুন কাউন্সিলর নির্বাচনেও ভোট দেবেন।
>> উত্তরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) আবুল কাসেম, তার সঙ্গে থাকবেন ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
>> দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার আছেন ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। নতুন কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন তারা।
>> দক্ষিণে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। তার সঙ্গে থাকবেন ছয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
>> ঢাকা উত্তর ও দক্ষিণের একটি করে ভোট কেন্দ্রে ইসির নিজস্ব উদ্যোগে তৈরি ইভিএমে ভোট করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়ে ভোট পর্যবেক্ষণ করা হবে।
ঢাকা উত্তর উপ-নির্বাচন সিটির ২৮ ফেব্রুয়ারি 2019-01-22