মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে একটি মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ মাসে তাপমাত্রা আরও কমবে এবং শেষ দিকে বিছিন্নভাবে হাল্কা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হবে।
এ সময়ে বাংলাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের দু’এক জায়গায় বিছিন্নভাবে হাল্কা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্র বলছে, জানুয়ারি মাসে তাপমাত্রা কম থাকে। তবে এবার জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা আরও খানিকটা নেমে যাবে। এ সপ্তাহেই সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া, জানুয়ারির শেষ দিকে দেশের উপকূলীয় অঞ্চলসহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।
যদিও এরইমধ্যে গতকাল রবিবার কক্সবাজারের কুতুবদিয়ায় ৪ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রংপুরে হালকা বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের তথ্যমতে, এ সপ্তাহে দৈনিক উজ্জ্বল সূর্য কিরণ-কাল ৩-৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে। পাশাপাশি বাষ্পীভবনের দৈনিক গড় মান ১ দশমিক ৭৫ মি. মি. থেকে ২ দশমিক ৭৫ মি. মি. পর্যন্ত থাকতে পারে।
গতকাল রবিবার ঢাকা বিভাগের আকাশে খণ্ড খণ্ড মেঘ দেখা গেছে। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের কোনো কোনো জেলায় আজ সোমবার দিনগত গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
এদিন চট্টগ্রামেও কিছু কিছু জায়গায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সে.। রাতে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সে. পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে চট্টগ্রাম শহর এবং এর আশেপাশের জেলা।
রাজশাহী বিভাগের আকাশও এদিন মেঘাচ্ছন্ন ছিল। রাজশাহী জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সে.। রাতে রাজশাহী বিভাগের কোনো কোনো জেলায় হালকা শীতল বাতাস বয়ে যেতে পারে।
রংপুর বিভাগের আকাশে কোথাও কোথাও গতকাল রবিবার খণ্ড খণ্ড মেঘ দেখা গেছে। এদিন রংপুর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সে.। রাতে নগরীসহ বিভাগের অন্যান্য জেলায় শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আরও এক সপ্তাহ এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
আজ সোমবার দিনগত রাতে খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে হালকা শীতল বাতাস বয়ে যেতে পারে। এদিন খুলনা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সে.।
একই অবস্থা ছিল বরিশাল এবং সিলেট বিভাগেও। ভোর পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ঘন মেঘে ঢাকা থাকতে পারে। অন্যদিকে রাতে শ্রীমঙ্গলের ওপর দিয়ে হালকা শীতল বাতাস বয়ে যেতে পারে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


