Don't Miss
Home / আইন আদালত / তারেকের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল

তারেকের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল

এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিল করে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নতুন করে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সম্পদের হিসাব দাখিল না করায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেছিল দুদক।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার মামলা চলবে বলে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে চূড়ান্ত এ রায় দেন।

আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামলা বাতিল চেয়ে ইকবাল মান্দ বানুর আবেদন খারিজ করে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ওই মামলা চলবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। বিচারিক আদালতে এ মামলাটি অভিযোগ (চার্জ) গঠনের শুনানির পর্যায়ে ছিল।

গত ১২ এপ্রিল মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালত। পরে তিনি ২৩ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে সৈয়দা ইকবাল মান্দ বানুকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান।

দুদক ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। ইকবাল মান্দ বানু সম্পদের বিবরণী দাখিল না করায় একই বছরের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন। মামলার তদন্ত শেষে গত বছরের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

বাতিল হওয়া মামলাটিতে আগামী ১৬ আগস্ট অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...