এমএনএ খেলাধুলা ডেস্কঃ জাতীয় দলের পেসার জাহানারা আলম বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজার এবং বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরেছিলেন জাহানারা। এবার তার এই অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নড়েচড়ে বসতে বাধ্য করেছে।
বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে:
সিইওর কাছে জবাবদিহি: সিইওকে স্পষ্টভাবে জানাতে হবে যে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কি না এবং কবে পেয়েছিলেন। যদি পেয়ে থাকেন, তবে কেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি, তার ব্যাখ্যা দিতে হবে।
অভিযুক্তদের বরখাস্ত: অভিযুক্ত ব্যক্তিরা যদি এখনো বিসিবিতে কর্মরত থাকেন, তবে সিইওকে অবিলম্বে তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।
দ্রুত তদন্ত: সিইওকে আইন বিভাগের (লিগ্যাল টিম) সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্তের অগ্রগতি বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। তদন্তের ভিত্তিতে সিইও ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন।
খেলোয়াড়দের নিরাপত্তা পর্যালোচনা: সিইওকে ক্রিকেট অপারেশন্স/মহিলা উইং-এর সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় মহিলা উইং-এর পরিচালককে অবহিত রাখতে হবে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে এক বিবৃতিতে বিসিবি এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিসিবি সর্বদা তার খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বোর্ড এ ধরনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”
বিসিবি সকল পক্ষকে, বিশেষ করে গণমাধ্যমকে, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুমাননির্ভর মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত না হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

