এমএনএ রাজনীতি ডেস্কঃ নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ এখনও হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা সাড়া দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিষয়টা হচ্ছে, আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক। এজন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

