Don't Miss
Home / জাতীয় / নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা করলো নির্বাচন কমিশন
সিইসি

নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা করলো নির্বাচন কমিশন

এমএনএ জাতীয় ডেস্কঃ সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে জানানো হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে, যার জন্য দ্রুতই আমাদের তপশিল ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে।

সিইসি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সংবিধান বাধ্যবাধকতায় ২৯ জানুয়ারির আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে এবং এর জন্য নির্বাচন কমিশন সম্পন্ন প্রস্তুত। রাষ্ট্রপতিকে সার্বিক বিষয়ে জানানো হয়েছে।

তিনি জানান, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি বলেছেন- নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা দেবে। তিনি নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতিনীতি ও বিধিবিধান অনুসরণপূর্বক কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাক্ষাতের সময় নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল পৌনে ১২টায় বঙ্গভবনে যান ইসির প্রতিনিধিরা।

এদিকে সংবিধানে সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা গত ১ নভেম্বর (২০২৩ ইং) থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে ইসি। মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...