Don't Miss
Home / হোম স্লাইডার / পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক

এমএনএ রিপোর্ট : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আজ মঙ্গলবার বেলা ১১টায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

তিনদিনের সফরে গতকাল সোমবার রাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে আমার প্রথম সফর এটি। দুই দেশের মধ্যে আলোচনা করার মতো অনেক বিষয় আছে। আমরা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশে এই সফরে আসতে পেরে আমি খুবই আনন্দিত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন।

জয়শঙ্কর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন বলে জানা গেছে। এ ছাড়া শেখ হাসিনার সফরের বিস্তারিত কর্মসূচি এ সফরে নির্ধারণ করা হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ইতিপূর্বে দেশটির পররাষ্ট্র সচিব থাকাকালে বাংলাদেশ সফর করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশী প্রথম’ নীতির আলোকে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফর করেছেন ভুটান।

এবার বাংলাদেশ সফর করছেন। মোদির ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত জয়শঙ্কর দেশটির বর্তমান সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী।

তার সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অভিন্ন নদীর পানির ভাগাভাগি, রোহিঙ্গা সংকট নিরসনে ভারতের সহযোগিতা, ভারতের ঋণের বিষয়সহ সার্বিক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।

গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয় শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর। আগামীকাল বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ৬৪ বছর বয়স্ক এ পেশাদার কূটনীতিক ১৯৭৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার এবং চীন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...