Don't Miss
Home / হোম স্লাইডার / প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: ফখরুল

প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: ফখরুল

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাউন্সিলের নামে ‘নাটক করে’ বিএনপি দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মামলার আসামিকে নির্বাচিত করেছে।

Khaleda-Tarek

তিনি বলেন, ‘কাউন্সিলের নামে নাটক করা হল। দু’জনকে নির্বাচিত করা হল, যারা মামলার আসামি। একজন এতিমের টাকা মেরে খাওয়া মামলার আসামি। অন্যজন ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি।’

মূলত প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতা যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। সত্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ তবে মির্জা ফখরুল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, ‘প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আসামি হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পরে মহিলা দলের একটি র‍্যালি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...