এমএনএ অর্থনীতি রিপোর্ট : ফুওয়াং সিরামিকস লিমিটেডের উৎপাদন গত অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে। গাজীপুরের হোতাপাড়ার কারখানায় গ্যাস সংকট এবং অন্যান্য কারণে কোম্পানির উৎপাদন বন্ধ হয়। তবে সিরামিকস কোম্পানির উধ্বতন এক কর্মকর্তা আজ সোমবার ‘উৎপাদন আংশিক চালু রয়েছে’ বলে তিনি জানান।
মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) -এর অনুসন্ধানী রিপোর্ট মোতাবেক চলতি বছরের অক্টোবর মাসে কোম্পানির উৎপাদন বন্ধ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি, কাঁচামাল ক্রয় এবং হোতাপাড়ায় কারখানায় গ্যাস সংকেটের কারণে উৎপাদন বন্ধ হয়। এমন তথ্য নিশ্চিত করেন কারখানায় কর্মরত ছিলেন (সাবেক) একাধিক শ্রমিক।
গাজীপুরের হোতাপাড়ার কারখানায় এখন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কয়েকদিন আগে কোম্পানির কয়েকজন কর্মীকেও ছাটাই করা হয়। কোম্পানির ৪০০ কর্মীর মধ্যে এখন কয়েকজন আছেন। এর মধ্যে বিদেশী কর্মীর সংখ্যাই বেশি রয়েছে বলে বিভিন্ন সূত্র এমন তথ্য নিশ্চিত করে।
গাজীপুরের জয়দেবপুরের একই এলাকায় রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের কারখানা। এ কোম্পানিতেও চলছে ব্যাপক গ্যাস
সংকট। ঘোষণা ছাড়াই কোম্পানির উৎপাদন বন্ধ করতে অনেক সময় বাধ্য হন কারখানার কর্তৃপক্ষ। গ্যাস সঙ্কটের তীব্রতায় সপ্তাহের তিন থেকে চারদিন পর্যন্ত উৎপাদন বন্ধ থাকে। নানামূখী সংকটের কারণে অনেক ধকল যাচ্ছে সিরামিকস কোম্পানিগুলোর ওপর।
অনুসন্ধানে প্রকাশ, ফুওয়াং সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা ব্যয় না থাকা এবং তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রয়েছে।
‘কোম্পানির উৎপাদন কবে শুরু হবে’কোম্পানি সেক্রেটারি মি. বাবলুর কাছে জানতে চাইলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, আমার কোম্পানির উৎপাদন বন্ধ আমি জানলাম না, আপনি জানলেন কিভাবে? মনে হচ্ছে, আপনার তথ্যে কোথাও ভুল আছে।
‘ফুওয়াং সিরামিকসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন’বলা হলে বাবলু মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে টেলিফোনে বলেন, তবে পুরোপুরি বন্ধ নয়, উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। এর বাইরে তিনি আর কথা বলতে রাজী হননি।
প্রায় আড়াই মাস থেকে কোম্পানির বন্ধ রয়েছে। এমন তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং দেশের উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এখনো জানায়নি সিরামিকস কোম্পানিটির কর্তৃপক্ষ।
‘কোম্পানির উৎপাদন বন্ধ’ সম্পর্কে তথ্য নিশ্চিত করেন ফুওয়াং সিরামিকস লিমিটেডর কনসালট্যান্ট নুরুল ইসলাম (এনআই) চৌধুরী। তিনি মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে বলেন, আমরা উৎপাদনে ফিরতে চেষ্টা করছি। জয়দেবপুরের (হোতাপাড়া) কারখানা এলাকায় তীব্র গ্যাস সংকট। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলেছি, তারা ব্যবস্থাও নিচ্ছে।
তিনি আরো জানান, এখানে গ্যাস সংকট এমন যে, মাঝে মাঝে সপ্তাহে তিন চার দিন পর্যন্ত উৎপাদন বন্ধ থাকে। তবে চেষ্টা চলছে। উৎপাদন বন্ধ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে কোম্পানির একধিক কর্মীও তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

