Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে মন্ত্রণালয় কাজ করছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে মন্ত্রণালয় কাজ করছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্রিল্যান্সিং যারা করেন তারা যেন স্বীকৃতি পান, সে বিষয়ে আমরা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের আইসিটি মন্ত্রণালয় সে বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘বিয়ের বাজারেও ছেলে ফ্রিল্যান্সিং করে বললে বলে সেটা আবার কী? আমি এখানে মেয়ে বিয়ে দেব কেন? অনেক ক্ষেত্রে স্কুল-কলেজে ভর্তি নিতে চায় না। বলে, আপনার আয় তো নিয়মিত নয়।’

শেখ হাসিনা বলেন, ‘ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে সেটা আমি জানি। যেহেতু এখানে কোন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সার্টিফিকেট নেই, স্বীকৃতি নেই, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কী করেন? যদি বলে ফ্রিল্যান্সার অনেকেই বুঝতেই পারে না ব্যাপারটা কী। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না।’

যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘একটা ডিগ্রী নিয়েই চাকরির পেছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করবো আরও ১০ জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হবো, নিজেই বস হবো- এই কথাটা মাথায় রাখতে হবে। আমার মধ্যে সেই শক্তিটা আছে। সেই শক্তিটা আমি কাজে লাগাবো- এই চিন্তাটা আমাদের যুবকদের মাথায় যেন থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশের কর্ণধার হবে। আজকে যে শিশুটা জন্ম নিল, তার ভবিষ্যতটা যেন উন্নত হয়, সেই বিষয়টা চিন্তা করেই আমাদের এই সমস্ত পদক্ষেপ আমরা নিচ্ছি। এক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে সংযুক্ত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...