এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে দেশের প্রথম কুইজভিত্তিক অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর উদ্বোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
শুক্রবার আইপিডিসি-র অফিসিয়াল ফেসবুক পেজে ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে অ্যাপটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কথাসাহিত্যিক ও ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপ-এর সম্পাদনা কমিটির সভাপতি সেলিনা হোসেন প্রমুখ।
‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি নির্মাণের মূল উদ্দেশ্য দেশের আগামী দিনের কাণ্ডারি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তার আদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করা।
‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপের সব প্রশ্ন বাছাই করা হয়েছে একটি সুযোগ্য সম্পাদনা কমিটির নিবিড় তত্ত্বাবধানে। সম্পাদনা কমিটিতে সভাপতি হিসেবে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন; সাহিত্যিক মনি হায়দার এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।
প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি) তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু সার্বজনীন। আজকের কিংবা ভবিষ্যতের ছাত্র, রাজনীতিবিদ অথবা সাধারণ মানুষ, যে কারো জন্যই তিনি আদর্শ। তার নীতি বুকে ধারণ করতে পারলে একদিন এই দেশে লক্ষ লক্ষ মুজিব তৈরি হবে।’
উদ্বোধনের তারিখ হিসেবে ২৫ সেপ্টেম্বর বেছে নেওয়ার পেছনের ইতিহাস স্মরণ করেন বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ‘১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় বক্তব্য রেখেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার কার্যক্রম হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই আদর্শ আজও আমাদের চলার পথের পাথেয়।’
অ্যাপটির সম্পাদনা কমিটির সভাপতি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই অনবদ্য উদ্যোগ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর সম্পাদনা কমিটির সভাপতি হিসেবে সম্পৃক্ত থাকতে পেরে অনুপ্রাণিত বোধ করছেন বলে জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এরকম একটি উদ্যোগের মধ্য দিয়ে যদি তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে সঞ্চারিত করা যায়, ভালো মানুষ হিসেবে তারা গড়ে ওঠে, দেশ ও জাতির কল্যাণে কাজ করে, নিজেদের কল্যাণে কাজ করে, মনুষ্যত্বের বিকাশ ঘটায় তবেই উদ্যোগটি সার্থক হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তরুণরা দেশকে আলোকিত করবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাপটি সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার একটি কুইজভিত্তিক গেমিং অ্যাপ যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প ও আদর্শ স্মরণ করিয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে তার নৈতিক আদর্শকে প্রতিফলিত করবে। গেমের প্রতিটি ধাপ অতিক্রম করার সাথে সাথে অ্যাপ ব্যবহারকারীরা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টার ইতিহাস সম্পর্কে জানতে পারবে, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে, তার আদর্শে অনুপ্রাণিত হতে পারবে।’
অ্যাপটিতে প্রাথমিক মাস্টার, জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার এবং গ্র্যান্ডমাস্টার নামে চারটি স্টেজ বা স্তর রয়েছে। চারটি স্টেজ সফলভাবে পেরোতে পারলে অংশগ্রহণকারী গ্র্যান্ডমাস্টার বলে বিবেচিত হবেন। পরবর্তীতে সকল গ্র্যান্ডমাস্টারকে নিয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, বিশেষ পুরস্কার প্রদান ও গ্র্যান্ডমাস্টারদের মাঝে বিশেষ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ডমাস্টারদের স্বীকৃতি জানানো হবে। অ্যাপটির ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে অ্যাপটি ইংরেজিসহ অন্যান্য প্রধান ভাষাসমূহে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

