Don't Miss
Home / রাজনীতি / বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছেঃ প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছেঃ প্রধান নির্বাচন কমিশনার

এমএনএ রাজনীতি ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘গাজীপুরের নির্বাচনটা আমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে এতো বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। এজন্যই গাজীপুর নির্বাচনটা একটা মডেল হোক।’

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতাম। কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত। এখন গ্লোবাল ওয়ার্ল্ড।

আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, যুক্তরাজ্য কথা বলছে, ইউরোপ কথা বলছে, জাপান কথা বলছে এবং ইউনাইটেড নেশন থেকেও কথা বলছে। নির্বাচন কমিশনের পক্ষে শতসহস্র সমস্যা সমাধান করা সম্ভব না। নিজের পক্ষে যা করণীয় সে পদক্ষেপ গুলো আপনাদেরকেও নিতে হবে।

বুধবার (১০ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর শহরের রাজবাড়ি রোডে পিটিআই শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাদিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির সংস্কৃতি থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে আপনারা অহিংসভাবে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সিইসি হাবিবুল বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করণীয় যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আমরা পুরোপুরি সে চেষ্টা করবো। কিন্তু আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে যে চেষ্টাটুকু তা পরিপূর্ণভাবে করতে হবে।

মতবিনিময় অনুষ্ঠানে আটজন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা অভিযোগ করে বলেন, অনেক প্রার্থী ভোটারদের এনআইডি কার্ড নিয়ে নিচ্ছে। প্রার্থীরা ভোটের আগে টাকা দিয়ে ভোট ক্রয় করে। এসব বিষয় দেখার অনুরোধ ও প্রতিকার চায়।

এছাড়াও ভয়ভীতি মুক্ত ভোটকেন্দ্র, ১টির অধিক ভোটকেন্দ্র করার দাবি করেন। বৃষ্টির কারণে পোস্টার ছিঁড়ে যায়, এজন্য তারা পোস্টারগুলো লেমোনেটিং করে প্রচার করার সুযোগ চান। পরে প্রার্থীদের উত্থাপিত সমস্যার বিষয়ে জবাব দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একই স্থানে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...