বাদ জোহর হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা
Posted by: News Desk
July 14, 2019
এমএনএ রিপোর্ট : সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা আজ রবিবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদে হবে।
আজ রবিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল সোমবার সকাল ১০টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে সকাল সাড়ে ১১টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে নেওয়া হবে মরদেহ। ওইদিন বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। এরপর রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে এরশাদের মরদেহ।
জালালী আরও জানান, আগামী মঙ্গলবার সকাল ১০টায় সিএমএইচ থেকে হেলিকপ্টারে এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে। রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজার পর এরশাদের মরদেহ পুনরায় ঢাকায় আনা হবে। ওইদিনই বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ২৬ জুন সকালে এরশাদ (৮৯) অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি লাইফ সাপোর্ট ছিলেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এরশাদ গত কয়েক বছর ধরেই স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন। গত বছরের শেষের দিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। এরপর থেকেই রাজনৈতিক কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি তাকে। এসময় নিজের সম্পত্তি ট্রাস্টে দিয়ে দেন এরশাদ। এছাড়া অসুস্থতার কারণেই ভাই জি এম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে তাকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে বসান এরশাদ।
উল্লেখ্য, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্ম এরশাদের। পরে রংপুরে চলে আসে তার পরিবার। সেখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯৭১-৭২ সালে সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করেন। পরে ১৯৭৩ সালে এরশাদকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন। ওই বছরই আগস্ট মাসে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে এরশাদকে সেনাবাহিনীপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অব্যবহিত পর ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন এরশাদ। ১৯৮৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক (সিএমএলএ) হিসেবে দেশ শাসন করেন। এরপর রাষ্ট্রপতি আহসানউদ্দিন চৌধুরীকে অপসারণ করে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এরশাদ। স্বৈরাচারবিরোধী প্রবল গণ-অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর পর গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন।
কারাগারে থেকেই রংপুরের পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে রংপুর থেকে কোনো নির্বাচনেই হারেননি পল্লীবন্ধু এরশাদ।
দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল ছিল তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদেও জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে। দশম জাতীয় সংসদে এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদমর্যাদায় ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর জাতীয় পার্টির সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে তাকে বিরোধীদলীয় নেতার পদে বসান।
বাদ জোহর প্রথম এরশাদের জানাজা হুসেইন মুহম্মদ 2019-07-14