Don't Miss
Home / হোম স্লাইডার / বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা স্থগিত

বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা স্থগিত

এমএনএ রিপোর্ট : উপজেলা চেয়ারম্যানের পদে থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ার কারণ দেখিয়ে বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট।

এর ফলে নির্বাচনের মাত্র চার দিন আগে নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির আহমদ এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর ভোটের পথ আটকে গেল।

ওই তিন আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ প্রার্থিতা বাতিলের আদেশ দেয়।

নাটোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল কুদ্দুস, গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী এবং নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা হাই কোর্টে ওই আবেদনগুলো করেন।

বিএনপি প্রার্থী মো. আব্দুল আজিজ নাটোরের গুরুদাশপুর উপজেলার, ফারুক কবির আহমদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এবং মঞ্জুর এলাহী নরসিংদী সদরের উপজেলা চেয়ারম্যান।

আজিজ ও ফারুকের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজহীবী শাহ মঞ্জুরুল হক, এলাহীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদেশের পর আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, আদালতে প্রার্থিতা স্থগিত হওয়ায় তারা আর একাদশ সংসদ নির্বাচন করতে পারছেন না।

এর আগেও একই কারণে বিএনপির ২০ জন প্রার্থীর নির্বাচন করার সুযোগ আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...