নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামান থেকে রঙিন পানি ছোড়া হয়।
বিএনপির কালো পতাকা প্রদর্শনে লাঠিপেটা, আটক ১১
Posted by: News Desk
February 24, 2018
এমএনএ রিপোর্ট : কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আগেই রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ।
এতে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ শনিবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিল বিএনপি।
বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।
ধরপাকড়ের সময় ঘটনাস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এরপরেই লাঠিপেটা শুরু করে পুলিশ। জলকামান থেকে রঙিন পানিও ছোড়া হয়। ১১ জনকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়।
-

-
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান।
-

-
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের কালো পতাকা প্রদর্শণ।
-

-
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামান থেকে রঙিন পানি ছোড়া হয়।
আজকের কর্মসূচির জন্য বিএনপির কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল, তা ভেঙে দিয়েছে পুলিশ।
রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়ার পর কলাপসিপল গেইটের মুখে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন কর্মীরা।
সকাল ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান কার্যালয়ে ঢোকার সময় আরেক দফা আক্রমণ চালায় পুলিশ। লাঠিপেটার পাশাপাশি কয়েকজনকে টেনে নিয়ে ভ্যানে তোলে তারা।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল ও হালিমা নেওয়াজ আরলিকে আটক করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালীকে আহত অবস্থায় বের করে হাসপাতালে পাঠানো হয়।
কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল, তা পুলিশ ভেঙে দিয়েছে। কালো পতাকাগুলো ছড়িয়ে পড়ে আছে সড়কের বিভিন্ন স্থানে। আশপাশের গলিতে আশ্রয় নেওয়া বিএনপি কর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা ডিএমপির মতিঝিল বিভাগের উপ কমিশনার এ এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, “সড়ক দখল করে যান চলাচলে বিঘ্ন ঘটানো শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। তাই আমরা ব্যবস্থা নিয়েছি।”
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে জেল দেন।
রায়ে আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন। রায়ের দিন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন।
আটক ১১ বিএনপির প্রদর্শনে লাঠিপেটা কালো পতাকা 2018-02-24