Don't Miss
Home / আজকের সংবাদ / বিসিএস ৩৭তমর মৌখিক ও ৩৮তমর প্রিলির তারিখ ঘোষণা

বিসিএস ৩৭তমর মৌখিক ও ৩৮তমর প্রিলির তারিখ ঘোষণা

এমএনএ রিপোর্ট : বিসিএস ৩৭তমর মৌখিক ও ৩৮তমর প্রিলির তারিখ ঘোষণাসহ ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তিনটি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখ শুরু হবে। ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৯ ডিসেম্বর। আর ৩৯তম বিসিএসের বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ–সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সেখানে থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এই তিনটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩৭তম বিসিএসের ভাইভা ২৯ নভেম্বর, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় কেবল প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে। সেখানে লিখিত পরীক্ষা হবে না। তাই ৩৯তম বিশেষ বিসিএসের আয়োজনের জন্য নতুন করে বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে- যার খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, আসলে আমরা একাধিক বিসিএস নিয়ে কাজ করছি, যাতে গড়ে সময় কম লাগে। আমরা চেয়েছিলাম ২১ ডিসেম্বর ৩৮তম প্রিলিমিনারির পরীক্ষা নিতে। কিন্তু ওই দিন রংপুর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরের শেষ দিকে এ পরীক্ষা হতে পারে।
৩৭তম বিসিএস : গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। মৌখিক পরীক্ষা হতে পারে নভেম্বরের শেষ দিকে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
৩৮তম বিসিএস : এই বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ডিসেম্বরের শেষে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।
৩৯তম বিশেষ বিসিএস : স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...