Don't Miss
Home / আইন আদালত / বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

এমএনএ রিপোর্ট : রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ দলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ-সংক্রান্ত তামিল প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তাপস কুমার পাল জানান, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বরকতউল্লাহ বুলু, সেলিমা রহমান, মারুফ কামাল খান, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, আজিজুল বারি হেলাল প্রমুখ।

জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আমানউল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয়ার ঘটনায় ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...