‘ব্লু হোয়েল’ গেমের সকল লিঙ্ক বন্ধের নির্দেশ
Posted by: News Desk
October 16, 2017
এমএনএ রিপোর্ট : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বিশ্বব্যাপী সমালোচিত ব্লু হোয়েল গেম নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে গেমটির সকল লিঙ্ক বন্ধ ও মোবাইল অপারেটরগুলোর রাতের ‘বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ করাসহ তিন দফা নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্টে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার দুপুরে আদেশসহ রুল জারি করেন।
নির্দেশনা
১. ব্লু হোয়েল বা এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক ‘মরণখেলার’ গেইটওয়ে লিংক বন্ধ করতে হবে।
২. রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের ‘রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ থাকবে।
৩. ব্লু হোয়েলসহ এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক গেইমে আসক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় কাউন্সেলিং দেওয়া এবং অভিজ্ঞদের নিয়ে একটি ‘মনিটরিং সেল’ গঠন করতে হবে।
তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলে আদালত।
আদালতে রিটকারীপক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ হুমায়ন কবির পল্লব; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদালত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ দেন।
নিজ বাসায় আত্মহত্যা করা হলিক্রসের অষ্টম শ্রেণির ছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধনসহ তিন আইনজীবী গতকাল রবিবার এ বিষয়ে রিট দায়ের করেন।
সম্প্রতি ব্লু হোয়েল নামে প্রাণঘাতী গেমটির ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১৮০ জন আত্মহত্যা করেছে বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ এসেছে। এ গেমের আসল অ্যাডমিন বুদেকিনকে আটক করা হলেও বিভিন্ন দেশে এর অ্যাডমিন থাকায় তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। ফলে গেমের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে।
এদিকে, সতর্কতা হিসেবে এরই মধ্যে অনলাইনে এ ধরনের সব গেমের লিঙ্ক বন্ধ করতে কাজ শুরু করেছে ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ইন্টারনেটে ‘ব্লু হোয়েল’ কিংবা এ ধরনের প্রাণঘাতী গেম বিষয়ে কেউ কোনো তথ্য পেলে তা ২৮৭২ নম্বরে ফোন করে জানাতে বলেছে সংস্থাটি।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।
ব্লু হোয়েল গেমের এই রহস্যময় ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায় খোঁজা হচ্ছে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা। কিন্তু আত্মহত্যার এই গল্পগুলোর সঙ্গে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা কতটুকু? আদৌও কি ব্লু হোয়েল গেমের কোনো অস্তিত্ব আছে? আপাতত কোনো সিদ্ধান্ত দেওয়া কঠিন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত— ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণ করা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।
বন্ধের সকল ব্লু হোয়েল গেমের লিঙ্ক নির্দেশ 2017-10-16