ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত
Posted by: News Desk
December 10, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে স্থগিত রয়েছে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম। তবে এ ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান গাজী আশরাফ তালুকদার।
গণমাধ্যমকে তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারের আত্মহত্যাকে কেন্দ্র করে দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এ কারণে সকল শাখার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করতে নতুন গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু গভর্নিং বোর্ডের সভা এক সপ্তাহ আগে ডাকা হয়, তাই আজ সোমবার পরবর্তী সভার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেই সভায় কবে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে আগামী ৩০ ডিসেম্বরের আগে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম ৮, ১০ ও ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি হওয়া নিয়ে দ্বিধার মধ্যে পড়েন।
প্রসঙ্গত, নবম শ্রেণির ছাত্রী অরিত্রির বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষায় নকল করার অভিযোগ এনেছিল। এ জন্য অরিত্রির মা-বাবাকে ডেকে নেন ভিকারুননিসার অধ্যক্ষ।
তাদের ডেকে মেয়ের সামনেই অপমান করে বলেন, সিদ্ধান্ত হয়েছে অরিত্রিকে নকলের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হবে। এ অপমান সইতে না পেরে বাসায় এসে অরিত্রি আত্মহত্যা করে।
পুলিশ ও পরিবারের তথ্যানুযায়ী, গত সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাততলা ভবনের সপ্তম তলায় নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রিকে পাওয়া যায়।
এর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা অরিত্রিকে মৃত ঘোষণা করেন।
ওই ছাত্রীর গ্রামের বাড়ি বরগুনা সদরে। অরিত্রির ছোট বোনও ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী। তার বাবা দিলীপ কুমার একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।
অরিত্রি আত্মহত্যা ঘটনার জের ধরে গত বুধবার দুপুরে অরিত্রির আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
অ্যান্ড ভিকারুননিসা নূন ভর্তি স্কুল স্থগিত কলেজে কার্যক্রম 2018-12-10