Don't Miss
Home / জাতীয় / মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬, সঙ্কটাপন্ন আরও ২১
মসজিদে

মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৬, সঙ্কটাপন্ন আরও ২১

এমএনএ জাতীয় ডেস্কঃ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সাত বছরের শিশু এবং মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় বাকি আরও ২১ জনের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, বাকিরাও রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে ১৬ জনের মৃত্যুর পর বর্তমানে ২১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের কেউই শঙ্কামুক্ত নন।

এ সময় ডা. সামন্ত লাল সেন আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সর্বাত্মক চেষ্টা করার জন‌্য।’

তিনি বলেন, ‘আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি; বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। সবাইকে বলব, আহতদের জন্য দোয়া করবেন।’

যারা মারা গেছেন তারা হলেন: রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭) ও রাসেল (৩৪), জয়নাল আবেদিন (৪০), মাইনুদ্দিন (১২)। বাকি দুজনের নাম এখনও জানা যায়নি।

এঘটনায় গতকাল রাতে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয় ৩৭ জন। এদের মধ্যে ১৬ জন মারা গেছে।

এদিকে, হাসপাতালে দগদ্ধদের দেখতে এসে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সব কিছুই তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে এসির বিস্ফোরণও ঘটে। মুহূর্তে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন।

আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

এদিকে তিতাসের গ্যাস কর্তৃপক্ষের গাফিলতি বিস্ফোরণের ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকদিন ধরেই এই মসজিদের নিচে তিতাসের লাইনের লিকেজ থেকে গ্যাস বের হবার গন্ধ পাওয়া যাচ্ছিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ করেন স্থানীয়রা।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...