এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিবছর সারা দেশে কোরবানি উপলক্ষে ওজন ও দামে আলোচনায় থাকে চমকপ্রদ নামের অনেক পশু। মুক্তাগাছাও সে রকম আলোচনায় আছে রাজা।
বিশাল আকৃতির এই গরুর দৈর্ঘ্য ৮ ফুট ও প্রস্থ সাড়ে ৫ ফুট আর ওজনে সাড়ে ২৫ মণ। গরুর মালিক পপুলার লাইফ ইন্সুরেন্সে কর্মরত নিলুফার ইয়াসমিন এর দাম হাঁকিয়েছেন ১২ লাখ টাকা।
জার্সি জাতের এ ষাঁড়টি চার বছর ধরে লালনপালন করে আসছেন মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়ন এর মনতলা বানিয়া বাজারের বাসিন্দা নিলুফার ইয়াসমিন।
তিনি বলেন, আমার একটা দেশী গাভী ছিল। সেই গাভির বাচ্চা হচ্ছে রাজা। গরুটি উত্তেজিত স্বভাবের হওয়ায় নাম রাখা হয়েছে রাজা। এছাড়া কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও দুইটি ষাঁড়। তবে সব কটির মধ্যে আকর্ষণীয় হচ্ছে রাজা।
তিনি আরও বলেন, এক হাজার কেজি ওজনের রাজার দাম চাচ্ছি ১২ লাখ টাকা। তবে আলোচনা সাপেক্ষে কিছু কম বা বেশি হতে পারে। এবার ঈদে যদি বাইরে থেকে গরু না আসে, তাহলে হয়তো আমরা আমাদের প্রকৃত মূল্য পাব।
রাজার দেখভালের দায়িত্বে থাকা নিলুফার ইয়াসমিন জানান, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে গরুটিকে লালনপালন করা হচ্ছে। প্রতিদিন নিয়ম করে ধান, গম, ভুট্টা, ঘাস, খুদের জাউ, খৈল, খড় ইত্যাদি খাওয়ানো হয়। এছাড়া গরুটিকে প্রতিদিন একবার রোদে আনা হয় ও তারপর গোসল করানো হয়। বেশ কয়েক বছর ধরে ষাঁড়টি আমি লালনপালন করে আসছি। ঈদে বিক্রি হয়ে যাবে, এটা ভাবতেই খারাপ লাগছে। তবু আশা করি ষাঁড়ের ন্যায্য দাম পাব। দেখতে আকর্ষণীয় হওয়ায় ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকার মানুষ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
