মেডিকেল কলেজে ভর্তির আবেদন শুরু ৩১ আগস্ট
Posted by: News Desk
August 27, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ২০১৮-১৯ সেশনে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ ২৭ আগষ্ট সোমবারের পরিবর্তে আগামী ৩১ আগস্ট থেকে ভর্তির আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।
রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ফলে এমবিবিএস ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত অনলাইন সফট্ওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের অনলাইন ভর্তির আবেদন গ্রহণ ২৭ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর দুপুর ১১.৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষায় আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৯ থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪। আগামী ৫ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য http:// www.dghs.teletalk.com.bd, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www. mohfw.gov.bd, স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে।
পরীক্ষায় আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৯ থাকতে হবে। সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। তবে সবার জন্য জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
ভর্তির কলেজে ৩১ আগস্ট মেডিকেল আবেদন শুরু 2018-08-27